বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, যে স্বাধীনতার জন্য লক্ষ শহীদের রক্ত ঝরেছে, সেই স্বাধীনতার প্রকৃত চেতনা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী হয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখা আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার - এ তিন মূলনীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান বাস্তবতায় জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অন্যায়, অবিচার ও বৈষম্য দিন দিন প্রকট আকার ধারণ করছে।
ড. হামিদ আযাদ বলেন দেশের সর্বত্র আজ অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তিনি বলেন পাবনায় একজন মহিলাকে গুলি করে হত্যাসহ শুধু মাত্র গত ঈদের ছুটিতেই বিএনপির হাতে খুন হয়েছে ১০জন। তিনি বলেন অবিলম্বে এসব খুনের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ড. হামিদ আযাদ সড়কে নৈরাজ্য বন্ধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিতেরও দাবি জানান। তিনি বলেন বাংলাদেশের সড়কপথ একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। তিনি বিভিন্ন পত্রিকার সূত্র ধরে গত ৭ দিনে ২০৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানান।
তিনি বলেন, মহান স্বাধীনতার ৫৫ তম দিবসে আমাদের প্রতিজ্ঞা হোকÑদেশপ্রেম, মানবিকতা, সততা ও ন্যায়পরায়নতার সাথে ঐক্যবদ্ধভাবে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেয়া এবং জুলাই বিপ্লবের চেতনায় নতুন করে উদ্দীপ্ত হওয়ার অঙ্গীকার ব্যাক্ত করা।
আলোচনা সভায় কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল খাঁন, উপজেলা অফিস সম্পাদক মাওলানা ওসমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহীম, বড়ঘপ ইউনিয়ন সভাপতি আহমদ নূর, আলী আকবর ডেইল সভাপতি মোঃ আবু সাদেক সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।