রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষিত বেকার যুবকদের স্থানীয় শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গ্রাজুয়েট এসোসিয়েশন নামক একটি সামাজিক সংগঠন।
গত ১ মার্চ সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকার রয়েলমুন রেস্টুরেন্ট মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইউসুফ চৌধুরী বলেন, রূপগঞ্জ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পসমৃদ্ধ উপজেলা। এখানে গার্মেন্টস, ভারী ও হালকা শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে নিয়মিত বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হলেও স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা ২০১৭ সাল থেকে বেকারমুক্ত রূপগঞ্জ গঠনের লক্ষ্যে কাজ করে আসছি। আমাদের দাবি খুব স্পষ্ট রূপগঞ্জের সন্তানদের মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসায়ের সুযোগ দিতে হবে। বক্তারা বলেন, স্থানীয় গ্র্যাজুয়েটদের জন্য শিল্প-প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও স্থায়ী চাকরির ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য ভেন্ডারশিপ ও ব্যবসায়িক অংশীদারত্ব নিশ্চিত করলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন কাজী অমিত হাসান (কো-অর্ডিনেটর, ভুলতা ইউনিয়ন), সমন্বয়ক আবু কাউসার মিঠু, রিদয় হাসান, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মিলন প্রান্ত, গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম কে মাছুম, ইমরান ও রিদীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।