ঝিনাইদহ সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নির্বাচনকালে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকা- প্রতিরোধের লক্ষ্যে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের আয়োজনে এ বিশেষ মহড়া শুরু হয়। এ সময় পায়রা চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদহ মোড়, আরাপপুর ও মডার্ন মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়। এ অভিযানে কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ যান ও সন্দেহজনক মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। পাশাপাশি শহরে চলাচলরত ব্যক্তিদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে শহরে বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা কার্যক্রম ধাপে ধাপে জেলার সব উপজেলাতেও সম্প্রসারণ করা হবে।