পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে গাজীপুরের মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে চন্দ্রা এলাকায় পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ চন্দ্রা ত্রিমোর এলাকায় সরেজমিনে যানজট পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। এ সময় মহাসড়কে যানবাহনের চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রীদের ভোগান্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী, সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়েছে, যার ফলে মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। এই গতি অব্যাহত রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদের ছুটিতে মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক নজরদারিতে মহাসড়কের পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে এবং তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনকালীন সময় পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকার কথাও জানান তিনি।

এসময় উপস্থিত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক-মহাসড়কের বাস্তব পরিস্থিতি জানতে সরকারের উচ্চপর্যায়ের এই সরেজমিন পরিদর্শন সরকারের আন্তরিকতারই প্রতিফলন। তিনি বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, মহাসড়কের পরিস্থিতি ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশের সকল স্তরের কর্মকর্তা নিরলসভাবে কাজ করছেন। তিনি জানান, ডিআইজি কার্যালয়সহ সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা মাঠপর্যায়ে সক্রিয় থেকে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনকালে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।