বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। ধানের শীষ প্রতীকে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী সফিউল আলমকে প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের ফলে বোদা ও দেবীগঞ্জের লাখো মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ১৭ হাজার। এর মধ্যে বিএনপির ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট, অপরদিকে জামায়াতের প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এই ব্যবধান ইঙ্গিত দিচ্ছে, এলাকার মানুষ ফরহাদ হোসেন আজাদের প্রতি তাদের অগাধ আস্থা ও বিশ্বাস রাখেন। দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ফরহাদ হোসেন আজাদ এর আগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। গত ফ্যাসিবাদী শাসনামলে তিনি জুলুম-নির্যাতন সহ্য করেও সাধারণ মানুষের পাশে ছিলেন, যা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। এবার এই আসনের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা, স্বাধীনতার ৫৪ বছরে প্রথমবারের মতো পঞ্চগড়-২ আসন থেকে বিএনপির কোনো মন্ত্রী পাবেন। নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোদা-দেবীগঞ্জবাসীকে ফরহাদ হোসেন আজাদকে জয়ী করার দায়িত্ব দিয়ে স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা তাকে নির্বাচিত করলে আমি কথা দিচ্ছি, তাকে মন্ত্রী করার দায়িত্ব আমি নিচ্ছি।” স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, ফরহাদ হোসেন আজাদ একজন সৎ ও নীতিবান মানুষ। তার নেতৃত্বে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মনে করেন তারা। বোদা ইউনিয়নের বাসিন্দা শুভ চন্দ্র বলেন, “জনগণের বিপুল সমর্থন প্রমাণ করে তার প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ়। তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে আমাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।” এখন বোদা-দেবীগঞ্জের সর্বস্তরের মানুষের চোখ বিএনপির মহাসচিবের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে। এলাকাবাসীর দাবি, দলের শীর্ষ নেতৃত্বের দেয়া কথামতো ফরহাদ হোসেন আজাদকে নতুন মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হোক।
গ্রাম-গঞ্জ-শহর
পঞ্চগড়বাসীর একটাই দাবি-মন্ত্রী চাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।