ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর এলাকায় অভিযুক্ত ব্যক্তির নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।