দেশের মানুষের আকাক্সক্ষা ও প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সংসদ ও সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। এজন্য রাজনৈতিক ও সামাজিক সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের অগ্রগতি মানেই বাংলাদেশের অগ্রগতি। এ অঞ্চলের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, এটি একটি বড় দায়িত্ব, তবে সবাইকে সঙ্গে নিয়েই কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানীর ধারণার সঙ্গে অবকাঠামো, বিনিয়োগ, বন্দর ব্যবস্থাপনা ও নীতিগত নানা বিষয় জড়িত। এসব বিষয় সমন্বিতভাবে বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হবে। ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি নিজ নির্বাচনী এলাকার মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেছেন।