চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামায়াতের দুই সংসদ সদস্যেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালের পর স্থানীয় দারুসসালাম ঈদগাহ ময়দানে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, আমরা মানবতার কল্যাণ করার জন্য সংসদ সদস্য হয়েছি। কোন সংসদ সদস্যের শরীরে সরকারি বেসরকারি লেখা থাকে না। সংসদ সদস্যের কাজ দেখে বুঝা যাবে সে, সরকারি না বেসরকারি, রাক্ষস না মানুষ। আমরা মোটা কাপড়, মোটা চালের ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, কোটি পটি হতে চাই না, আমরা আপনাদের ছেড়ে ভারত, সিঙ্গাপুর পাড়ি জমাবো না। আমরা বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে যে অনুদান দেবো, তা ৫৪ বছরে কেউ দেখেননি। বর্তমানে আমরা সরকারি দপ্তরে ঘোরাঘোরি করছি। ৫ বছরের মধ্যে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে এক ইঞ্চিও কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, সকল হুমকি ধামকি উপেক্ষা করে আপনারা আমাদের দুই ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। চুয়াডাঙ্গার সকল অধিবাসী অন্যায় অবিচার গুলো দেখতে চাইনা। এইজন্য আমরা আপনাদের সহযোগীতা চাই। বিগত নির্বাচনে আপনারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। এজন্য আল্লাহ আমাদের বিজয়ী করেছেন। এখন আমাদের অনেক দায়িত্ব। জনগণের আমানত জনগণের নিকট পৌঁছে দিতে হবে।আপনাদের অনেক দায়িত্ব। আমার চোখ, আপনাদের চোখ। আপনাদের চোখগুলো জাগ্রত থাকলে আমি জাগ্রত থাকবো। আগামীতে মানবতার কল্যাণ সাধনে, ইনসাফ কায়েমে ভূমিকা রাখবো। আমরা জনগণের আমানত জনগনের কাছে ফিরিয়ে দিতে চাই। সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধের মাধ্যমে সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম।

এছাড়াও যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও আইন বিষযক সম্পাদক দারুস সালাম, জামায়াতের জেলা ইউনিট সদস্য এ্যাডভোকেট মসলেম উদ্দিন, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী ও সেক্রেটারি মুসলেম উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামাল, আসমান খালি-গাংনী থানা আমীর আব্বাস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আলমডাঙ্গা বণিক সমিতি, বিভিন্ন ব্যবসায়িক সমিতি ও আলমডাঙ্গা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনকে গণসংবর্ধনা দেয়া হয়। এরপর ইফতার মাহফিলে সকলে অংশ গ্রহণ করেন।