মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র সপ্তাহ খানেক। প্রিয়জনদের মুখে হাসি ফুটাতে যখন মানুষ কেনাকাটায় ও ব্যাংক থেকে টাকা উত্তোলনে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে চোর ও ছিনতাইকারী চক্র। এসএমপি’র বিভিন্ন থানার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রতিদিনই এই চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার হলেও কোনোভাবেই দমানো যাচ্ছে না এই চক্রকে। চলতি মাসের গত ৭ মার্চ বিএনপি সিলেট মহানগর ১৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুমান আহমেদের পুত্র ফারদিন আহমেদ অপরহরণ করে টাকা দাবির মামলায় কোতয়ালী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। গত ১০ মার্চ মঙ্গলবার এই লজ্জা সইতে না পেরে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন ফারদিনের বাবা রুমান আহমেদ। যা গত দুই দিনে নগরীর প্রত্যেক সেক্টরে এই পদত্যাগের ঘটনা ব্যাপকহারে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সিলেট নগর এলাকায় কয়েকটি ছিনতাই ও চুরির ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর ছিনতাই-চুরি ঠেকাতে তৎপর হয় পুলিশ। এর পর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ছয় দিনে ছয়টি থানা এলাকা থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই চলছে অভিযান ও গ্রেপ্তার। তবে এতে করেও থামছে না অপরাধ। একের পর এক ঘটনায় আতঙ্কে নগরবাসী। তারা বলছেন, ঈদের আগে বেপরোয়া হয়ে উঠেছে চোর ও ছিনতাইকারী চক্র। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) গণমাধ্যমকে জানান, ‘আমাদের মূল কাজ নগরবাসীকে শান্তিতে রাখা। এ জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছি। কয়েকদিনের মধ্যে নগরবাসী এর সুফল পাবে।’ সম্প্রতি নগরীতে ২০-২৫টি ছিনতাই ও চুরির ঘটনা ঘটলেও অভিযোগ হয়েছে মাত্র চারটি। ঈদুল ফিতর সামনে রেখে মূলত ছিনতাইকারী ও চোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে। সিলেট নগরীর কোনো না কোনো এলাকায় প্রায় প্রতিদিন দখলবাজি, চাঁদাবাজি, ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গত সোমবার আসরের নামাজের সময় নগরীর সোবহানীঘাট এলাকার আনজুমান টাওয়ারের দ্বিতীয় তলায় চুরি হয়। ভুক্তভোগী ব্যবসায়ী মাশহুদ আহমদ জানান, এক যুবক বাসায় ঢুকে প্রায় তিন লাখ টাকাসহ কিছু মূল্যবান মালপত্র নিয়ে গেছে। ভিডিও ফুটেজে তাকে লিফট দিয়ে ওপরে উঠতে ও নামতে দেখা গেছে। সে ওই টাওয়ারের বাসিন্দা নয়।

গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় ‘সিনেমাটিক স্টাইলে’ কর কর্মকর্তা এক নারীর ব্যাগ ছিনতাই করে ছয়জন। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ। এ ঘটনায় গত ১১ মার্চ বুধবার ভোরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট থেকে রশিদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তিকে মোটর সাইকেল থেকে নেমে নারীর ব্যাট টেনে নিয়ে যান তিনিই রশিদ। এর আগে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বিরকে।

এ ঘটনার রেশ না কাটতেই গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক কলেজছাত্রী। সেই ভিডিও আগের মতো ভাইরাল হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারীকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান, ভুক্তভোগী নারী মামলা করেননি। তাঁর কিছু খোয়া যায়নি। কিন্তু পুলিশ ছিনতাইয়ের চেষ্টাকারীদের গ্রেফতারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে।

এসএমপি সূত্র জানায়, রমজান মাস শুরুর পর সিলেটে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় নানান রকম উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে দুই নারীর কাছ থেকে প্রকাশ্যে ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হলে এসব ছিনতাই প্রতিরোধে উদ্যোগ নিয়েছে এসএমপি পুলিশ। উদ্যোগের মধ্যে রয়েছে প্রতিদিন ৬০টি ভ্রাম্যমাণ টিম ও তিনটি স্থায়ী চেকপোস্টের পাশাপাশি ১২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি, ২৪ ঘণ্টা নজরদারি এবং রাতে ড্রোন দিয়ে নজরদারি করা। দু-একদিনের মধ্যে প্রতিনিয়ত ড্রোন ব্যবহার করা হবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। বিভিন্ন ধরনের অপরাধ ঘটলেও এসএমপি ‘ফোকাস’ করছে ছিনতাই ঠেকাতে। ঈদ সামনে রেখে ছিনতাকারীদের তৎপরতা রুখতে পুলিশ তৎপর হয়ে উঠেছে। গত এক সপ্তাহে ছিনতাইকারীসহ ২০০ জনের মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুই নারীর ব্যাগ ছিনতাইয়ে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।