গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় রাজিন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়ন ওলামা বিভাগের সাধারণ সম্পাদক এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা হাবিবুল্লাহ (কামিল-স্নাতকোত্তর) এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ নজরুল ইসলাম পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে শিল্পী ফয়সাল হোসাইন ইসলামী গজল পরিবেশন করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়ন কার্যালয়ের সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়নের আমীর আনোয়ার হোসেন বিএসসি। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক নাঈম, সাংবাদিক মামুন ও সফর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।