আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনী পুলিশ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।

সভায় স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ও ফোর্স সদস্যরা নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক প্রস্তাব উপস্থাপন করেন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে ছিল দ্বীপ থানাসমূহের জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধির দাবি।

প্রধান অতিথি আইজিপি বাহারুল আলম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনবান্ধব পুলিশিং শক্তিশালী করতে এবং জনগণের প্রত্যাশিত সেবা সরাসরি পৌঁছে দিতে সকল ইউনিটকে তৎপর হতে হবে।” তিনি বডিঅর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দেন এবং আসন্ন নির্বাচনে সকল পুলিশ সদস্যকে সতর্ক, ধৈর্যশীল ও সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, বিপিএম। তিনি মহানগর এলাকায় নিরাপত্তা জোরদার করা, প্রযুক্তিনির্ভর পুলিশিং চালু করা এবং ইউনিটসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। সমাপনী বক্তব্যে অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম সকল ইউনিটকে শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানান।