সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত একটি সড়ক পাকা হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগের অবসান ঘটেছে। মরহুম পাচু প্রামাণিকের বাড়ি অভিমুখী এই গুরুত্বপূর্ণ সড়কটি নির্মিত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি বা বর্ষা মৌসুম এলেই এই সড়কটি পানিতে তলিয়ে যেত। ফলে স্কুলগামী শিক্ষার্থী, মুমূর্ষু রোগী বহনকারী যানবাহন এবং কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হতো। অনেক সময় হাঁটুসমান পানি মাড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করত মানুষ। এমনকি জলাবদ্ধতা নিরসনে স্থানীয়রা শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার মতো পরিস্থিতিরও শিকার হয়েছেন। ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মহিদুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টা এবং এডিপি-৪ প্রকল্পের আওতায় সড়কটি উঁচু করে সিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়ারেছ, হযরত আলী ও মাফু জানান, “আগে এই রাস্তা দিয়ে চলাই অসম্ভব ছিল। এখন রাস্তাটি পাকা হওয়ায় আমাদের যাতায়াত অনেক সহজ হয়েছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট কমেছে।”
দ্রুত ও মানসম্মত কাজের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউপি সদস্য মহিদুল হাসান বলেন, “রাস্তাটি বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। জনদুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ২০০ মিটার সিসি ঢালাই সম্পন্ন করা হয়েছে। রাস্তার বাকি অংশের কাজ সমাপ্ত করার জন্য আমি ইউপি চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছি।”