কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সারাদেশে নির্বাচনী কার্যক্রমে নারীদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ মাগরিব গোপগ্রাম এ জেড (মডেল) ফাজিল মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গোপগ্রাম বাজার ও সাতপাখিয়া বাজার প্রদক্ষিণ করে আমলাবাড়ী বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি প্রতিপক্ষ মহল লাঠিচার্জ ও গুলির ভয় দেখিয়ে জামায়াতে ইসলামীকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। তবে তারা স্পষ্ট করে বলেন, ইনশাআল্লাহ কোনো ধরনের দমন-পীড়নে নয়, বরং ১২ই ফেব্রুয়ারি জনগণের ব্যালটের মাধ্যমেই এর জবাব দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদ রেজাউল করিমের মতো ঘটনার পুনরাবৃত্তি যদি আর কোনো স্থানে ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। তারা অবিলম্বে নারীদের প্রতি সব ধরনের হামলা, হেনস্তা ও অবমাননাকর আচরণ বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, আজ প্রতিপক্ষ শক্তি বুঝতে পেরেছে—এই আন্দোলনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ নারীরাই আগামী দিনে বিজয়ের অগ্রভাগে থেকে সাফল্য ছিনিয়ে আনবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা মুর্শিদ আলম, খোকসা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আজাদ আহমেদ, গোপগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় গোপগ্রাম ইউনিয়নের জামায়াত সমর্থিত হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।