স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কালীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে অসুস্থ, অক্ষম ও প্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে।
আয়োজকরা জানান, মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সেই লক্ষ্য থেকেই মানবতার কল্যাণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের চলাচল সহজ করতে এই হুইলচেয়ার তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান, থানা আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যারা এই মহতী কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মহান আল্লাহর নিকট দোয়া করেন, যেন এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলকে উত্তম প্রতিদান প্রদান করা হয়।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।