মুন্সিগঞ্জের সিরাজদিখানে জ্বালানি তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সকাল থেকে রাত পর্যন্ত পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, ফলে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না চালকরা।
স্থানীয় একটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেট কার ও পরিবহন যানবাহনের দীর্ঘ লাইন কয়েকশ’ মিটার পর্যন্ত বিস্তৃত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
একজন পেশাদার ড্রাইভার জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তেল নিতে পারিনি। আমাদের কাজের অনেক ক্ষতি হচ্ছে। যাত্রীদেরও সময়মতো পৌঁছাতে পারছি না, এতে আমাদের আয়ও কমে যাচ্ছে।”
একজন মোটরসাইকেল (হুন্ডা) চালক বলেন, “এভাবে লাইনে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। অনেক সময় ২-৩ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কাজের চাপের মধ্যে এটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
আরেকজন হুন্ডা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “তেলের সংকট থাকলে আগে থেকেই জানানো উচিত। হঠাৎ করে এভাবে লাইন বাড়লে আমরা বিপাকে পড়ে যাই।”
এ বিষয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, “সাম্প্রতিক সময়ে তেলের সরবরাহ কিছুটা কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত গ্রাহকদের সেবা দিতে। সরবরাহ স্বাভাবিক হলে এই ভোগান্তি কমে আসবে বলে আশা করছি।”
স্থানীয়রা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না হলে এই ভোগান্তি আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।