ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ জজ আদালত থেকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হচ্ছে। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালামের আদালতে মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে ছিল। গত ২৩ ফেব্রুয়ারি মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে পাঠানো হয়। আদেশে বলা হয়, দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য মামলাটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হল।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী গতকাল সোমবার বলেন, শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা বদলি হয়ে আমাদের আদালতে এসেছে। আগের আদালত গতকাল চার্জ শুনানির দিন রেখেছিলেন। আমাদের আদালতে মামলাটির আজ প্রথম দিন। আমরা মামলার নথি পেয়েছি। তবে আজ শুনানি হয়নি। গোলাম নবী বলেন, আগামী ৯ মার্চ এ মামলার শুনানির জন্য পরবর্তী দিন দিয়েছেন বিচারক।

গত ২১ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এরপর এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৩০ আসামির মধ্যে ২০ আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদনের শুনানি করেন তাদের আইনজীবীরা। এপর্যায়ে এসে মামলা বদলির আদেশ আসে।

মামলার ২৮৬ আসামির মধ্যে ২৫৫ জনই পলাতক রয়েছেন। সাবিনা আক্তার তুহিনসহ ৩০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আর এক আসামি জামিনে রয়েছে। কারাগারে থাকা অপর আসামিদের মধ্যে রয়েছেন-খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেড এর প্রধান কবিরুল ইসলাম আকাশ, জয় বাংলা ব্রিগেড বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এ কে এম আক্তারুজ্জামান, আল মারুফ, এলাহী নেওয়াজ মাছুম, সাজ্জাদুল আনাম।