কুলাউড়া সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ঢাকা-৪ এর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহিন আহমদ খানের বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফিজ তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, আল্লাহর অনুগ্রহ, আমাদের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর সাধারণ জনতার আকুন্ঠ সমর্থনের ফলে ঢাকা-৪ আসনে নানা অপকৌশল ও অপচেষ্টার পরও আমরা জয় লাভ করেছি। তবে এই নির্বাচন থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে বলে আমার বিশ্বাস।