চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়িক খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও তা উত্তরণে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হল রুমে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ : করণীয়” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও সংগঠনটির প্রধান উপদেষ্টা নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে ব্যবসা। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক একটি ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও টেকসই অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা শুধু মুনাফা অর্জনের জন্য কাজ করেন না, বরং তারা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করেন। ব্যবসায়ীরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখেন। তিনি আরো বলেন, এ জেলার ঐতিহ্য কাঁসা ও রেশম শিল্প অবহেলিত অবস্থায় রয়েছে, তা পুনরুদ্ধার করে এ শিল্পের প্রাণ ফিরিয়ে আনা হবে। এছাড়া কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। নূরুল ইসলাম বুলবুল বলেন, সুষ্ঠু রাজনীতি থাকলে ব্যবসায়িক পরিবেশ ভাল থাকবে। এছাড়া ব্যবসায়ীরা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন। সবশেষে বলতে চাই, দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে ব্যবসা পরিচালনা করলে ব্যবসায়ীরাই হতে পারেন দেশের উন্নয়নের অগ্রদূত। মানসিকতা সম্পন্ন নেতৃত্বে না আসলে বস্তা পাঁচা রাজনীতি থেকে মুক্তি পাওয়া যাবে না।

আগামীদিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদেরকে সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব তৈরি করার জন্য আপনাদের ভূমিকা পালন করতে করতে হবে। নিরাপদ, ব্যবসাবান্ধব ও বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ জেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, সংগঠনটির উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস্ এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তরিকুল আলম, সংগঠনটির পৌর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ও সেক্রেটারী শামসুজ্জোহা (মুকুল) প্রমুখ।