খুলনা জেলার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল ) দুপুর ১ টার দিকে আড় পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০)-এর মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকেন্দ মন্ডল (৪২) এর লাশ বিকেল ৫ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২ জেলের লাশের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে ওঠে।

আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ওসমান গনি খোকন বলেন, লাশ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।