গাইবান্ধা (পলাশবাড়ী) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামে অগভীর সেচ প্রকল্পের আন্ডারগ্রাউন্ড নিষ্কাশন পাইপ কেটে ও ভাঙচুর করে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধনের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ।

ভুক্তভোগী মোঃ রেজাউল করিম (৪২) পলাশবাড়ী থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, একই গ্রামের মোঃ হারুন অর রশিদ (৪৪) ও মোঃ নুরুল ইসলাম (৫০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে অগভীর সেচ নলকূপের ড্রেন নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তিনি বিআরডিসি অগভীর সেচ প্রকল্প সংক্রান্ত একটি মামলা দায়ের করলে নি¤œ আদালত তার পক্ষে রায় দেন। বর্তমানে মামলাটি আপিলে বিচারাধীন রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে বিবাদীরা পরিকল্পিতভাবে তার বিআরডিসি সেচ প্রকল্পের মাটির নিচে স্থাপিত নিষ্কাশন পাইপ কেটে ও ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। ভুক্তভোগীর দাবি, মামলা দায়েরের পর থেকেই বিবাদীরা শত্রুতা পোষণ করে আসছে এবং সুযোগ পেলে তার ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি সাক্ষী রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, সেচ নলকূপের ড্রেন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে পলাশবাড়ী থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।