‘উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘদিন অবহেলিত সাতকানিয়া-লোহাগাড়া এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এই এলাকায় যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে’Ñ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি।
শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারিহাট জিসি হতে সাতকানিয়া দেওয়ানহাট জিসি সড়ক প্রায় ৮১ লক্ষ টাকা ব্যায়ে রক্ষণাবেক্ষণ কাজ শেষে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান এবং পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খ ম আব্দুল হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য কাজী মাওলানা নুরুল আলম, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, বিআরডিবি সভাপতি চৌধুরী মো. ছালেহ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম সিকদার, সমাজসেবক কাজী জসীমউদ্দীন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর ও ব্যবসায়ী জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, পদুয়া তেওয়ারিহাট থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নতুন করে সড়কটির উদ্বোধনের ফলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সড়কটি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।