বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির মহাসচিব, সেই পথ ধরে বিএনপিতে এসে এবারই প্রথম সংসদ সদস্য হলেন শামা ওবায়েদ। পাশাপাশি প্রতিমন্ত্রীর দায়িত্বও পেলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে গত মঙ্গলবার বিএনপি নতুন সরকার গঠন করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তাঁর সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে শপথ নেন। প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে খলিলুর রহমানকে (টেকনোক্র্যাট)।

৫২ বছর বয়সী শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) পদে রয়েছেন। বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটিতেও ছিলেন তিনি। এবারের নির্বাচনে ফরিদপুর-২ সংসদীয় আসনে (সালথা ও নগরকান্দা উপজেলা) প্রার্থী হয়ে ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে তিনি জয়ী হন। শামা ওবায়েদের জন্ম ১৯৭২ সালের ১৪ মে। বাবা বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান গত শতকের আশির দশকে বিএনপির মহাসচিব ছিলেন, জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী ছিলেন তিনি। শামা ওবায়েদের মা শাহেদা ওবায়েদ শিক্ষকতা করতেন। শামা ওবায়েদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক। রাজধানীর বনানীর বাসিন্দা শামা ওবায়েদের বাড়ি ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া গ্রামে।

২০০৭ সালে বাবার মৃত্যুর পর শামা ওবায়েদ রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৮ সালে সংসদ নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে হেরে যান। ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হলেও ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। শামা ওবায়েদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।