চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর এলাকায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মোঃ আজাদ আলী নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাতে পণ্যবাহী ট্রাকে মাদক বহনের সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর মহল্লার সিপিসি-১, র‌্যাব ক্যাম্প এলাকায় এ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী ও র‌্যাব। গ্রেফতারকৃত মোঃ আজাদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুরের মোঃ আজিজুল হকের ছেলে। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানে ছিল। এরই মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি গোপন তথ্য আসে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকা থেকে মাদক নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্যোশ্যে আসছে। এ তথ্য পাওয়ার পর দ্বারিয়াপুরের জনৈক জবেদ আলীর দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। অস্থায়ী চেকপোস্ট চলাকালে দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে পণ্যবাহী সন্দেহভাজন ট্রাক আসলে থামানোর সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে এ সময় ট্রাক রেখে চালক পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে ধরে ফেলে। তার স্বীকারোক্তিনুযায়ী ট্রাকের ডালার ভিতর ত্রিপলে ঢাকা অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।