গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের বানিয়ারচালা এলাকায় অবস্থিত কটজ অ্যাপারেলস লিমিটেড কারখানাকে ঘিরে ভয়াবহ পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, কারখানাটি থেকে নির্গত ঘন কালো বিষাক্ত ধোঁয়ায় পুরো এলাকার বাতাস দূষিত হয়ে পড়েছে, যার ফলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কারখানার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে এবং বাতাসের স্বাভাবিক গুণগত মান নষ্ট করছে। দিনের পর দিন এই ধোঁয়ার প্রভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, কাশি ও নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। অনেকেই দীর্ঘমেয়াদে ফুসফুসজনিত রোগ এমনকি ক্যানসারের ঝুঁকির আশঙ্কা করছেন বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানার বর্জ্য ও ধোঁয়ার কারণে আশপাশের গাছপালা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছাই ও ক্ষতিকর গ্যাসের প্রভাবে মাটির উর্বরতা কমে যাচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের এই ক্রমাবনতিতে জীববৈচিত্র্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়ে উঠছেন। স্থানীয়দের ভাষ্য, প্রতিনিয়ত বিষাক্ত বাতাসের সংস্পর্শে এসে শিশুদের শ্বাসকষ্ট, বয়স্কদের ফুসফুসের জটিলতা এবং বিভিন্ন পেটের সমস্যাও বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের দূষণ চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়লেও কারখানাটি নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবিলম্বে কারখানাটির বিরুদ্ধে তদন্ত চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও জ্বালানি ব্যবহারের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।