আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় আলেম সমাজের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়াতুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে এ ‘ইমাম ও উলামা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আমির হামজা।
তিনি তার বক্তব্যে বলেন, "দেশের শান্তি, ন্যায়বিচার এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার মাধ্যমেই কেবল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি কুষ্টিয়া সদর আসনের সামগ্রিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ খন্দকার একেএম আলী মোহসীন বলেন, "দেশের ক্রান্তিলগ্নে ওলামায়ে কেরাম সবসময় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না। ১১ দলীয় ঐক্যজোট দেশের মানুষের ভোটাধিকার ও সুশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন এবং কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি আব্দুল লতিফ খান, সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান,
বক্তারা বলেন, একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে ওলামা ও ইমামদের ভূমিকা অনস্বীকার্য। তারা সমাজের সাধারণ মানুষকে নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি আগামী নির্বাচনে সঠিক প্রতীক নির্বাচনে সচেতন করার তাগিদ দেন। সমাজ পরিবর্তনে এ নির্বাচনে আলেম-উলামারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে কুষ্টিয়া শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং উলামা বিভাগের স্থানীয় নেতৃবৃন্দসহ শত শত আলেম সমাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত সকলে সমস্বরে দাঁড়িপাঠমঠা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং পরিবর্তনের জন্য গনভোটে "হ্যা" এর পক্ষে প্রচারনা চালান।