বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-ইইউ প্রতিনিধিদলের রাষ্ট্রদূত এইচ. ই. মাইকেল মিলার এবং ঢাকায় নিযুক্ত ইইউ সদস্য দেশগুলোর (ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন) রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে রাষ্ট্রদূতগণ সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তাঁরা পররাষ্ট্রমন্ত্রীকেও তাঁর নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান। এর আগে রাষ্ট্রদূতগণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথেও তাঁর সাম্প্রতিক নিয়োগের জন্য শুভেচ্ছা জানাতে সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী এই ‘উইন-উইন’ বা পারস্পরিক লাভজনক সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর সাথে বর্ধিত সম্পৃক্ততাকে স্বাগত জানান।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-ইইউ সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। ইইউ’র রাষ্ট্রদূতগণ জোর দিয়ে বলেন যে, এই অংশীদারিত্ব একটি বহুমুখী সম্পর্কে রূপ নিয়েছে। রাষ্ট্রদূতগণ দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে উপকারী অংশীদারিত্বকে আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূতগণ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেন। সাংবিধানিক, বিচারবিভাগীয়, শ্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের সমর্থনে তাঁদের নিরবচ্ছিন্ন সম্পৃক্ততার কথা পুনর্ব্যক্ত করেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের একটি বিশাল নির্বাচনী পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ইইউ-এর প্রশংসা করেন। তিনি গণতান্ত্রিক সুসংহতকরণ, আইনের শাসন এবং সুশাসনের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।