সিলেটের পৃথক সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। রোববার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। রোববার (১৮ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিভিয়া সফট ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুঁটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকলেট ও সুপারি জব্দ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছ ও সুপারিও আটক করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯০ লাখ টাকা। সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।