আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক মাছের ঘের মালিকের বিরুদ্ধে কর্মচারীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঘের মালিক শেখর বসুকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের মৃত নরেন বসুর ছেলে শেখর বসু তার মাছের ঘেরে কর্মচারী হিসেবে কর্মরত নারায়ণ হালদারকে নির্যাতন করেন। নারায়ণ হালদার অভিযোগ করেন, শেখর বসুকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করলে তিনি জেল থেকে বেরিয়ে এসে নারায়ণকে সন্দেহ করে তার ঘেরপাড়ের ঘরে আটক রাখেন। পরে রশি দিয়ে বেঁধে মারধর করেন, মাথার চুল কেটে দেন। নির্যাতিত নারায়ণ অসুস্থ হয়ে পড়লে পানি খেতে চাইলে শেখর বসু তার মুখে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। এরপর মোবাইল, টাকা ও টর্চলাইট রেখে শেখর বসু তার মায়ের পরামর্শে নারায়ণকে ছেড়ে দেন।
গুরুতর অসুস্থ অবস্থায় নারায়ণ হালদার বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শেখর বসুকে তার নিজ মাছের ঘের থেকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।