গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র বতসোয়ানার একটি উচ্চপর্যায়ের ২৬ সদস্যবিশিষ্ট গবেষণা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গাকৃবির অডিও-ভিজ্যুয়াল কনফারেন্স রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ গবেষণা ও প্রযুক্তি বিনিময়, যৌথ উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা হয় এই গুরুত্বপূর্ণ সভায়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বতসোয়ানা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বতসোয়ানা প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা (মন্ত্রী পর্যায়ের পদমর্যাদা) ও প্রকল্প উপদেষ্টা ওমফিলি জন সহুরুৎস। বৈঠকটি সমন্বয় করেন মাসাম ইনকর্পোরেশনের চেয়ারম্যান নাফিস চৌধুরী, মিসেস অনিদিতা চৌধুরী এবং হাতেম আলী।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বতসোয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মাসা রামারাথুদি, গবেষক এমএস হিলদাহ মাত্সিপা, বতসোয়ানা এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড (BAMB)-এর সিইও ল্যাম্বানি চার্লস ওবুসাংসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। গাকৃবির পক্ষে উপস্থিত ছিলেন প্রো ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও রেজিস্ট্রার।
আলোচনার শুরুতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও গবেষণায় অবদানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর ভাইস চ্যান্সেলর মোস্তাফিজুর রহমান অতিথিদের স্বাগত জানান এবং দেশের কৃষি উন্নয়ন ও গাকৃবির গবেষণামূলক অগ্রগতির চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “গাকৃবি শুরু থেকেই কৃষি গবেষণায় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে কাজ করে যাচ্ছে। এই সৌজন্য সাক্ষাৎ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।” তিনি বাংলাদেশের ঋতুভিত্তিক কৃষি পদ্ধতি ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত বিশেষ জাতগুলোর দৃষ্টান্ত তুলে ধরেন।
বতসোয়ানা প্রতিনিধি দলের প্রধান ওমফিলি জন সহুরুৎস বলেন, “বাংলাদেশের কৃষি গবেষণার অগ্রগতি ও বৈচিত্র্য আমাদের অনুপ্রাণিত করছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষক-শিক্ষার্থী বিনিময়ের সুযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”
উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন, কৃষিভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং টেকসই কৃষি চর্চায় যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে বিদেশি প্রতিনিধি দল গাকৃবির বিভিন্ন গবেষণাগার ও মাঠ পর্যায়ের গবেষণা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি ভবিষ্যতে বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে কৃষি গবেষণা ও উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি কার্যকর ও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনাকে আরও জোরদার করলো বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।