সাতকানিয়া সংবাদদাতা
দল বা ব্যক্তি পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। গতকাল বুধবার সকালে লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘এখানে আমার কোনো ভাই নেই, কোনো আত্মীয়-স্বজন নেই। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাই আমার আত্মীয়স্বজন। কেউ আমার বা আমার দলের পরিচয় ব্যবহার করে কোনো অপরাধ কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যক্তি বা রাজনৈতিক বিবেচনা না করে অপরাধ হিসেবে কঠোর হস্তে দমন করবেন।’ তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া যাবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি। ‘আইন তার নিজস্ব গতিতে চলবে, কাউকে ছাড় দেয়া হবে না’-বলেই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় এমপি শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, সাতকানিয়া-লোহাগাড়ায় এখনও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। সব ধরনের অপরাধ দমনের পূর্বশর্ত হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তাগিদ দেন। একই সঙ্গে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও বলেন।
সভায় লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), মং এছেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ছালেহ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।