চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮৪০ বোতল নেশাজাতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ ইসকাফ উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালিত হয় বুধবার ভোরে উপজেলার জগন্নাথপুর এলাকায়। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার, লক্ষীকোল গ্রামের, মৃত জব্বার সরদারের ছেলে মোঃ সাইদুল সর্দার (৩৯) ও মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা: মোঃ কেয়াম উদ্দিন মল্লিক, একই গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নাটুদাহ-জগন্নাথপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পুলিশের গাড়িতে আঘাত দিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের সঙ্গীয় ফোর্স সহ টিম ওই গাড়িটি আটক করতে সক্ষম হয়।

কারটি তল্লাশি করলে ভিতরে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদক ব্যবসায়ীরা বাজারজাত করছে।