মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল (অব.) আক্তারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ইতিহাসভিত্তিক এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, এ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক রচনা জমা পড়ে এবং পাঁচ সদস্য বিশিষ্ট বিচারকম-লীর মাধ্যমে তা মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সাবেক অধ্যক্ষ টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, তাজউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন, অধ্যক্ষ কামড়া মাশক ফাজিল মাদরাসা মাওলানা হারুন অর রশিদ মোল্লা, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাপাসিয়া উত্তর শাখা মারুফ হোসেন এবং সভাপতি পূর্ব শাখা ইমরান হোসেন।
অনুষ্ঠানে মোট ২৮ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা এবং অন্যান্য ২৫ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমপি, অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী জানান, প্রতিযোগিতায় প্রাপ্ত নির্বাচিত রচনাগুলো নিয়ে আগামী ১৬ ডিসেম্বর একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে, যা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. আব্দুল্লাহ। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।