এম এ আর মশিউর : যশোর পৌরসভার রাজনীতিতে একটি পরিচিত নাম জনাব নূর-ই-আলী নূর মামুন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আসন্ন যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় উঠে এসেছে গুরুত্বের সাথে। একজন দায়িত্বশীল, চিন্তাশীল ও আদর্শভিত্তিক নেতা হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করতে চান ভোটারদের সামনে যেখানে উন্নয়ন হবে মানবিক, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক।

১৯৭০ সালে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পূর্ব বারান্দিপাড়া, বটতলায় এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন নূর-ই-আলী নূর মামুন। শৈশব থেকেই তিনি সাধারণ মানুষের জীবনযাপন, সংগ্রাম এবং সমাজের বাস্তব চিত্র খুব কাছ থেকে দেখেছেন। এই অভিজ্ঞতাই তাকে পরবর্তীতে সমাজ ও রাজনীতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

তার শিক্ষাজীবন ছিল অত্যন্ত সফল ও গৌরবময়। তিনি পূর্ব বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর যশোর জিলা স্কুল থেকে ১৯৮৪ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে যশোরের ঐতিহ্যবাহী এম এম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও প্রথম বিভাগে উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের ধারাবাহিকতায় তিনি ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তার এই অর্জন তাকে সমাজে একটি শক্ত ভিত্তি এনে দেয়।

তার পরিবারও ছিল আদর্শ ও মূল্যবোধে সমৃদ্ধ। তার পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি একজন সংগঠক এবং বামপন্থী রাজনীতির সক্রিয় কর্মী। পরিবারের এই রাজনৈতিক ও আদর্শিক পরিবেশ নূর-ই-আলী নূর মামুনের চিন্তা-চেতনায় গভীর প্রভাব ফেলে। ছাত্রজীবনেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং জাতীয় ছাত্রদলের (হক গ্রুপ) একজন কর্মী হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন।

তবে সময়ের সাথে সাথে তিনি নিজের চিন্তা ও দর্শনের গভীরতা ধৃদ্ধি করেন এবং দীর্ঘ অধ্যয়ন ও পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি যশোর জেলা জামায়াতে ইসলামীর াফিস সেক্রেটাটি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠন পরিচালনায় দক্ষতা, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করেছেন।

শুধু রাজনীতি নয়, নূর-ই-আলী নূর মামুন একজন চিন্তাশীল ব্যক্তি হিসেবেও পরিচিত। তিনি তুলনামূলক রাজনৈতিক তত্ত্বের একজন সমালোচক, যা তার বিশ্লেষণধর্মী মনোভাব এবং গভীর জ্ঞানচর্চার পরিচয় বহন করে। সমাজের নানা সমস্যা, রাজনৈতিক বাস্তবতা এবং উন্নয়ন কৌশল নিয়ে তার রয়েছে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি।

সমাজসেবার ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং মানবিক সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার এই কর্মকা- তাকে সাধারণ মানুষের কাছে একজন আপনজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আসন্ন যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে তিনি যে দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন, তা আধুনিক নগর উন্নয়নের একটি পরিপূর্ণ ধারণা বহন করে। তিনি একটি স্মার্ট, সবুজ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পৌরসভা গড়ে তুলতে চান। তার পরিকল্পনায় রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থা,পরিবেশবান্ধব নগর পরিকল্পনা ও সবুজায়ন টেকসই অবকাঠামো উন্নয়ন সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি বিশ্বাস করেন, একটি পৌরসভা শুধু রাস্তা-ঘাট বা ড্রেনেজ উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি মানুষের বসবাসযোগ্য, নিরাপদ ও মানবিক শহর গড়ে তোলার প্রক্রিয়া।

নূর-ই-আলী নূর মামুন যশোর সদর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান যেখানে থাকবে উন্নত নাগরিক সুবিধা, স্বচ্ছ প্রশাসন, জবাবদিহিতা এবং সুশাসন। তিনি মনে করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই তিনি সকলের সহযোগিতা, মতামত এবং দোয়া কামনা করেছেন।

তার ভাষায়,এই শহর আমাদের সবার। আমরা সবাই মিলে যদি দায়িত্বশীল হই, তাহলে যশোরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক শহরে পরিণত করা সম্ভব।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে একজন যোগ্য, শিক্ষিত, অভিজ্ঞ এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেই জায়গায় নূর-ই-আলী নূর মামুন নিজেকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরছেন যার রয়েছে শিক্ষা, অভিজ্ঞতা, আদর্শ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা।

যশোরের সাধারণ ভোটারদের কাছে এখন প্রশ্ন তারা কেমন নেতৃত্ব চান? যদি তারা একটি পরিকল্পিত, স্বচ্ছ এবং উন্নয়নমুখী পৌরসভা প্রত্যাশা করেন, তবে নূর-ই-আলী নূর মামুন হতে পারেন সেই প্রত্যাশার প্রতিফলন।

সময়ের সাথে সাথে তার এই ভাবনা ও উদ্যোগ কতটা মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, সেটিই এখন দেখার বিষয়। তবে ইতোমধ্যেই তিনি যশোরবাসীর কাছে একটি পরিচিত, বিশ্বস্ত এবং আলোচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন যার নেতৃত্বে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে যশোর পৌরসভায়।

যশোর পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে নূর-ই-আলী নূর মামুনকে নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেখা যাচ্ছে আগ্রহ ও আশাবাদ। ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের গুরুত্বপূর্ণ তিনটি স্তরের প্রতিনিধিরা তার নেতৃত্ব নিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন।

যশোর শহরের প্রাণকেন্দ্র আর এন রোডের পরিচিত পার্টস ব্যবসায়ী বাবলুর রহমান বলেন, আমরা যারা ব্যবসার সাথে জড়িত, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ি শহরের অব্যবস্থাপনা, যানজট, ড্রেনেজ সমস্যা এবং অনিয়মের কারণে। নূর-ই-আলী নূর মামুন একজন শিক্ষিত, ভদ্র এবং দায়িত্বশীল মানুষ। তিনি দীর্ঘদিন সংগঠনের সাথে থেকে মানুষের সমস্যা কাছ থেকে দেখেছেন।

আমি বিশ্বাস করি, তিনি মেয়র নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবেন, বাজার ব্যবস্থাপনা উন্নত করবেন এবং আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান দেবেন। আমরা একজন সৎ ও কর্মঠ মানুষকে নেতৃত্বে দেখতে চাই, আর সে জায়গায় নূর মামুন একজন যোগ্য প্রার্থী।

একজন শিক্ষক হিসেবে সমাজের নৈতিক ও শিক্ষাগত উন্নয়নের প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্ব দেন মাস্টার আনিচুর রহমান। তিনি বলেন, নূর-ই-আলী নূর মামুন একজন মেধাবী ও শিক্ষিত ব্যক্তি। তার ছাত্রজীবন অত্যন্ত কৃতিত্বপূর্ণ ছিল, যা একজন মানুষের চিন্তা-চেতনা ও নেতৃত্বগুণে ইতিবাচক প্রভাব ফেলে। আমি তাকে দীর্ঘদিন ধরে একজন অধ্যয়নশীল ও বিশ্লেষণধর্মী মানুষ হিসেবে দেখেছি। তিনি শুধু রাজনীতি করেন না, তিনি সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবেন। একটি পৌরসভা পরিচালনার জন্য যে দূরদর্শিতা, পরিকল্পনা ও নৈতিকতা প্রয়োজনতা তার মধ্যে রয়েছে। আমি মনে করি, তিনি নির্বাচিত হলে যশোর পৌরসভায় একটি শিক্ষাবান্ধব, সচেতন ও সুসংগঠিত পরিবেশ গড়ে উঠবে।

ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকে নূর-ই-আলী নূর মামুনের মূল্যায়ন করে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সামসুর রহমান বলেন, একজন নেতা হতে হলে শুধু দক্ষতা থাকলেই হয় না, তার মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি থাকতে হয়। নূর-ই-আলী নূর মামুনকে আমি একজন বিনয়ী, ভদ্র ও নীতিবান মানুষ হিসেবে জানি। তিনি মানুষের সাথে আন্তরিক আচরণ করেন এবং সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা রাখেন। আমি বিশ্বাস করি, তিনি দায়িত্ব পেলে ইনশাআল্লাহ ন্যায় ও সততার সাথে তা পালন করবেন। আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি মানুষের হক আদায় করবেন এবং একটি শান্তিপূর্ণ, নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

সমাজের তিনটি গুরুত্বপূর্ণ স্তর ব্যবসায়ী, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতার এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট হয়, নূর-ই-আলী নূর মামুনের প্রতি মানুষের প্রত্যাশা বহুমাত্রিক। কেউ তাকে দেখছেন উন্নয়নকামী প্রশাসক হিসেবে, কেউ শিক্ষিত ও চিন্তাশীল নেতা হিসেবে, আবার কেউ নৈতিক ও সৎ ব্যক্তি হিসেবে।

যশোর পৌরসভাকে একটি আধুনিক, সুশাসিত ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে হলে এমন একজন নেতৃত্ব প্রয়োজন, যিনি সকল শ্রেণির মানুষের কথা শুনবেন, তাদের সমস্যা বুঝবেন এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। সেই প্রত্যাশার জায়গা থেকেই নূর-ই-আলী নূর মামুনের প্রতি এই সমর্থন ও আস্থা দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

এখন দেখার বিষয় জনগণের এই প্রত্যাশা ও বিশ্বাস কতটা বাস্তবে প্রতিফলিত হয় আসন্ন নির্বাচনে। তবে এটুকু বলা যায়, তিনি ইতোমধ্যেই যশোরের মানুষের মাঝে একটি সম্ভাবনাময় নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন।