দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকায় হমলা ও সহিংসতার সংবাদ সংগ্রহকালে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো. শামছুল হুদা (রতন) এঁর উপর হামলা করেছে দেওয়ানগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক আহম্মেদ। ফারুকের নেতৃত্বে সন্ত্রাসী কার্যকলাপ চালায় জিন্নাহ, বাবু, রিপন, সিফাত, বালুগ্রামের সুমন মিয়া সহ আরো কয়েকজন। ঘটনাটি ঘটেছে চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে।

দুর্বৃত্তদের হামলার সময় দেওয়ানগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু সেখানে উপস্থিতি ছিলেন। তিনি পরিবেশ শান্ত করেন।

সাংবাদিক শামছুল হুদা’র ভাষ্য, ওই এলাকায় (মন্ডল বাজার) জামায়াত সমর্থিত কিছু নেতাকর্মীকে বিএনপির নেতা কর্মীরা মারধর সহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো। সেই তথ্যগুলো সংগ্রহ করতে গেলে যুবদল নেতা ফারুক আহম্মদ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নেতাকর্মীদের হামলা করার নির্দেশ দেয়। এভাবেই হামলার ঘটনাটি ঘটেছে।