বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শাহী মসজিদের পাশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের দ্রুত সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ করেই শুক্রবার সকাল ১০টায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যত দ্রুত সম্ভব সরকারি ও দলীয় উদ্যোগে সহায়তা পৌঁছে দেওয়া হবে।” ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এমপি হেলালের উপস্থিতিতে কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে জানান এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় তার সঙ্গে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি ও ২৩ নং ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবির, জামায়াত নেতা শহিদুল ইসলাম, মো. কামাল, আব্দুল বাতেন, কাজী শামীম, শহিদুল ইসলাম, সালাহউদ্দিন, সেলিম, মমতাজ, মো. মইনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে নগরীর ৯৫, সাউথ সেন্ট্রাল রোডের তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে মুহূর্তের মধ্যেই ভাড়াটিয়া হিমাংশু মন্ডল, মো. আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।