গতকাল শনিবার নেত্রকোনা জেলার তিনটি সংসদীয় আসন নেত্রকোনা-৫, নেত্রকোনা-৪ ও নেত্রকোনা-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলো সকাল নয়টা হতে শুরু হয়ে পর্যায়ক্রমে বিকাল সোয়া চারটায় শেষ হয়। এই জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান।
জনসভায় নেতৃবৃন্দ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফপূর্ণ একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে। স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা সরকারে ছিল তারা জনগণের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীসহ ১১ দলীয় নির্বাচনী সমঝোতা জোটের প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে।
নির্বাচনী জনসভায় সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, নারী হেনস্তাকারী ও ঋণখেলাপীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
জনসভাগুলোতে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুম মোস্তফা, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আল-হেলাল তালুকদার এবং নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ খায়রুল কবির নিয়োগীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।