সারিয়াকান্দি সংবাদদাতা

জীবন যেন এক পূর্ণ বৃত্ত। যে হাসপাতালে একদিন নবজাতক হিসেবে পৃথিবীর আলো দেখেছিলেন, ঠিক সেই হাসপাতালেই আজ গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে রোগী দেখতে ফিরলেন দুই তরুণ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাক্ষী হলো এক বিরল ও আবেগঘন মুহূর্তের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত ৮ জন চিকিৎসক যোগদান করেন। তাদের মধ্যে ডা. অন্তর ও ডা. সজিবের নিজ উপজেলায় পদায়ন হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে।

ডা. অন্তর ও ডা. সজিব দুজনেরই শৈশব কেটেছে যমুনা পাড়ের এই সারিয়াকান্দিতে। আজ যখন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হিসেবে যোগ দিতে আসেন, তখন চারপাশের চিরচেনা পরিবেশ যেন এক নতুন অর্থ খুঁজে পায়। উপজেলার সাহপাড়া এলাকার পীযুষ কুমার সাহার ছেলে অন্তর কুমার সাহা বগুড়া জিলা স্কুল ও সরকারি আজিজুল হক কলেজের পাঠ চুকিয়ে পাড়ি জমান রাজধানী ঢাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস শেষ করে বিসিএস জয়ী হয়ে আজ তিনি নিজের মাটির মানুষের সেবায় নিয়োজিত। একই এলাকার পল্লী চিকিৎসক সুবোধ কুমার সাহার ছেলে সজিব কুমার সাহার শুরুটা ছিল সারিয়াকান্দি সারিয়াকান্দি আদর্শ প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকার নটর ডেম কলেজ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার ৮ জন নতুন চিকিৎসককে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও অন্যান্য মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলছেন, ডাক্তারদের প্রতি সাধারণ মানুষের যে আস্থার সংকট থাকে, তা এই দুইজন ঘরের ছেলের মাধ্যমে দূর হবে। তারা নিজ এলাকার মানুষের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বুঝবেন বলে সবার বিশ্বাস।