কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালি বটগাছ তলা কালিমন্দির ও পাশ্ববর্তী বাগানবাড়ি জামে মসজিদের পাশে দূর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিত ও দুই মুসলিম পথচারীসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
আহতরা হলেন, বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক, নজরুল ইসলামের ছেলে জিহাদ, কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থলে এসে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান ককটেল বিস্ফোরণের স্থানগুলো পরিদর্শন করেন এবং দুর্বৃত্তদের রেখে যাওয়া ককটেল ও বিস্ফোরক দ্রব্যের একটি ব্যাগ জব্দ করেন।
পরে তিনি গণমাধ্যমকে জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।