স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আনিসুর রহমান বিশ্বাস, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম, এনসিপি গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিছবাহ, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আমীর মোঃ আলাউদ্দিন, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন এবং শ্রীপুর পৌর আমীর ডা. মোঃ আনিসুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়নই একটি স্থিতিশীল, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পূর্বশর্ত। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নের মধ্য দিয়েই রাষ্ট্রব্যবস্থায় আস্থা ও স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি সকলকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি ও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মাওনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা পুরো এলাকায় জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।