বিএনপি নেতার নেকাব পরা নারী ভোটারদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ করেছেন নেকাব ও হিজাব পরা নারীরা।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা এ মন্তব্য করেন।

বুধবার দুপুরে বিপুল সংখ্যক হিজাব-নেকাব পরিহিতা নারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

জানাযায়, ৯ এপ্রিলের উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন - জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল এমন অভিযোগ করার পর দুপুরে প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বক্তব্যের একপর্যায়ে বলেন, “যেসকল নারীরা নেকাব পরে ভোট দিতে যাবে তাদেরকে নেকাব খুলে দেখতে হবে। যারা পোলিং এজেন্ট থাকবেন তারা নেকাব খুলে চেহারা না দেখে ভোট দিতে দিবেন না।”

বিএনপি প্রার্থীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচারের সাথে সাথে শহরের নেকাবধারী নারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। মুহুর্তের মধ্যে বিপুল সংখ্যক নেকাব পরা নারী জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এসময় তারা জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাত করে তাদের ক্ষোভের কথা জানান এবং ভোট কেন্দ্রে নেকাব ও হিজাব পরা নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

রিটার্নিং অফিসার নারীদের কথা শুনে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য নারী ভোটারদের প্রতি আহ্বান জানান। নারী ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফেরার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বিক্ষুব্ধ নারীরা বিএনপি প্রার্থীর বক্তব্য প্রত্যাহার এবং তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিচার দাবী করলে রিটার্নিং অফিসার লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। বিক্ষুব্ধ নারীরা এরপর বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা কর্তৃক নেকাব বিরোধী বক্তব্যের বিষয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দেন। এসময় বিপুল সংখ্যক হিজাব পরা নারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় উপস্থিত সংবাদ কর্মিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা জামায়াতের কেন্দ্রিয় নেত্রী মিসেস সাজেদা সামাদ। তিনি বলেন, নির্বিঘ্নে ভোট প্রদান একজন নাগরিক হিসেবে সবার অধিকার। আমরা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। কিন্তু ধানের শীষের প্রার্র্থী রেজাউল করিম বাদশা নেকাব নিয়ে যা বলেছেন তা পর্দানশীল নারীদের জন্য অবমাননাকর। তিনি একদিকে পর্দানশীল নালীদের অপমান করেছেন, অন্যদিকে ইসলামের ফরজ বিধানের বিরোধীতা করে ইসলাম অবমাননা করেছেন। আমরা তার শাস্তির দাবী করছি। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের জন্য জোর দাবী জানাচ্ছি। অন্যথায় নারী ভোটাররা তার সমুচিত জবাব ভোটকেন্দ্রেই দিবে।