সাদুল্লাপুর সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত বুধবার দুপুর ১২টায় ইদিলপুর ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইদিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক শফিউল ইসলাম। বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহিলা দলের এক নেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন,“জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সভাপতি আরও সতর্ক করে বলেন, যদি এই মিথ্যা প্রচারণা অবিলম্বে বন্ধ না করা হয়, তবে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ও আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে তারা ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নেতারা জানান, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে তারা সকল অপপ্রচারের জবাব গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে দেবেন।