গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শীর্ষ সন্ত্রাসী জীবন সর্দারসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী জীবন সর্দার (৩০)-কে গ্রেপ্তার করে। সে রুহুল আমিন সরদারের ছেলে এবং সদর থানা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত জীবন সর্দারের বিরুদ্ধে খুন, সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন, চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ছিল এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।
একই দিনে মহানগরজুড়ে পরিচালিত পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ৪ ফেব্রুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।