স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শাহেদা আহমেদ (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাহেদা আহমেদ শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা এবং গাজীপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের স্ত্রী। তিনি রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘অক্স ব্রিজ অ্যান্ড কলেজ’-এর অধ্যক্ষ ছিলেন। ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, গত ২৫ মার্চ সকালে বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, শাহেদা আহমেদের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক, মো. মাহবুবুর রহমান জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার ওসি, মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং বিস্তারিত জানার জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।