চট্টগ্রাম নগরীতে সংরক্ষিত এলাকায় পাহাড় কাটার অভিযোগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-কে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
গতকাল মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ আদেশ দেন মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা। শুনানিতে বিপিসির দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার পরিবেশ অধিদফতরের একটি পরিদর্শন দল নগরীর কোতোয়ালি থানাধীন জামালখান ওয়ার্ডের জয়পাহাড় আবাসিক এলাকায় বিপিসির সংরক্ষিত জায়গায় পাহাড় কাটার স্থান পরিদর্শন করে। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নি¤œমান সহকারী মো. শিহাব উদ্দিনকে শুনানিতে তলব করা হয়। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, পাহাড়ের ওপর থেকে মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি খননের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতি ঘনফুট মাটির জন্য নির্ধারিত হারে জরিমানা করে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি খনন করা অংশে পুনরায় মাটি ভরাট করে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।