আমতলী (বরগুনা) সংবাদদাতা : কার্বনমুক্ত বাংলাদেশ গড়া এবং কার্বন নিঃসরণকারী দেশের নিকট ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিচক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও উপকূলীয় জনগোষ্ঠীকে সক্ষম করে তোলার লক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) কুয়াকাটা সমুদ্র সৈকতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)। সকাল ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্টের পূর্ব পাশে আয়োজিত মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, কমিটির কোষাধ্যক্ষ খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বো¯তামী এবং ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিভুদান বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু, সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম হোসেন রাজু, সাংবাদিক জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ উপকূল গড়ে তোলার ওপর তারা গুরুত্ব দেন।
মানববন্ধন শেষে এনএসএস-এর উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে সৈকত পরিষ্কার করা হয়। অভিযানে দুই শতাধিক প্রতিনিধি ছাড়াও পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।