চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার উজলপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস ভাংচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে । গতকাল ৬ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
দর্শনা থানার বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন জানান, আমরা আমাদের দলের ওয়ার্ড কার্যালয়ে বসে ছিলাম। রাত ১০ টার দিকে বিএনপি'র মিছিল থেকে মদ্যপ অবস্থায় দর্শনা থানা বিএনপির সদস্য আসলাম ও তার সহযোগী শাজাহান জামায়াত কার্যালয় প্রবেশ করে জামায়াত কর্মীদের ধাক্কা দেয় ও বাজে ভাষায় গালিগালাজ করে। এ সময় জামায়াত কর্মীরা তাদেরকে অফিস থেকে বের করে দিলে তারা লাঠি-সোটা নিয়ে জামায়াত অফিসে হামলা ও কর্মীদেরকে মারধর করে। এতে জামায়াতের ২ কর্মী মারাত্মক আহত হয়। আহতরা হলেন দক্ষিণ চাঁদপুর গ্রামের হাসান তারেক ও মেহেদী হাসান। পরে আহতদের দেখার জন্য দর্শনা জামায়াতের পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু ঘটনাস্থলে পৌঁছালে তার উপরও হামলা করে বিএনপি কর্মীরা । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে দর্শনা থেকে ফেরার পথে পৌর আমীর সাহিকুল আলম অপুকে বিএনপির কিছু উশৃংখল যুবক রাত এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মারার জন্য বাসস্ট্যান্ডে আটকে রাখে। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে তিনি মুক্ত হন। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর জানান,বর্তমানে জামায়াতের কর্মীরা চিকিৎসাধীন রয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ প্রার্থী জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি এ হামলা কে ন্যাক্কারজনক দাবি করে বলেন ঘটনার সুষ্ঠ বিচার না হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। এসময় তিনি জামায়াত কর্মীদের শান্ত থাকার জন্য আহবান জানান। এ ঘটনায় মামলার করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে বিএনপির নেতা-কর্মীরা হামলা করলেও দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এ ঘটনাকে সংঘর্ষ বলে দাবি করেন। এ বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এর মধ্যে দুজন জামায়াতের এবং একজন বিএনপির। এছাড়া জামায়াতের অফিস ভাঙচুর করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পেলে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি বরাবর আবেদন করা হবে। এই কমিটি পরবর্তী পদক্ষেপ নেবেন।