সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, তিনি দীর্ঘ ৪২ বছর ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষের সঙ্গে জীবন কাটিয়েছেন এবং মানুষের দুঃখ-কষ্টকে নিজের কষ্ট হিসেবে ধারণ করে এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধানে কাজ করেছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় আসতে দেয়নি। নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে ভয়াবহ নির্যাতন, যার হাত থেকে সাধারণ মানুষও রেহাই পায়নি। তবে ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এখন বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছেনÍআমরা কোনো দলকে ক্ষমতায় নিতে চাই না, আমরা চাই বাংলাদেশের মানুষ ক্ষমতায় আসুক। সে লক্ষ্যেই সবাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে ভোটকে বিজয়ী করার আহ্বান জানানো হচ্ছে।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর পিতা-মাতার কবর জিয়ারত শেষে সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল পূর্ব দোকান, দুর্লভের পাড়া, মীরপাড়া দানুর মার ঘাটা দারোগা মসজিদ, দক্ষিণ ভোয়ালিয়া পাড়া, মাঝের মসজিদ, কানুপুকুর পাড়া, কলেজ রোডের মাথা, আনু ফকিরের দোকান, পূর্ব ছিটুয়া পাড়া, মধ্যম ছিটুয়া পাড়া, পশ্চিম ছিটুয়া পাড়া ও রোজমর পাড়ায় ধারাবাহিক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভার আমীর হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, আব্দুস সবুর, আনোয়ার হোসেন, সাতকানিয়া জামায়াতের আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।