দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। দুই দেশই দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারি আরও জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পৃথক বার্তায় ড. রহমানকে এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. রহমানের সঙ্গে কাজ করতে চান। এর মাধ্যমে তিনি চীন-বাংলাদেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারি’ (কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ঢাকার সঙ্গে সম্পর্কের ওপর বেইজিং কতটা গুরুত্ব দেয়, তা উল্লেখ করে ওয়াং ই বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া বার্তায় তিনি ঢাকার সঙ্গে সম্পর্কের বিষয়ে বেইজিংয়ের বিশেষ গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ‘বিস্তৃত কৌশলগত অংশীদারির’ আওতায় বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তার বার্তায় বলেন, ‘দুই দেশের পারস্পরিক উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের কথা উল্লেখ করে জয়শঙ্কর আশা প্রকাশ করেন যে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে। নতুন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত মঙ্গলবার এক বার্তায় ইসহাক দার মন্ত্রিসভা গঠন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন। এদিকে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন। গতকাল বুধবার তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসহাক দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসলামাবাদ আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় জানায়, অধ্যাপক আহসান ইকবাল প্রয়াত বেগম খালেদা জিয়ার চির শান্তি এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান কামনা করেন। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এবং আমাদের দুই দেশের জনগণকে আরও কাছে আনার ক্ষেত্রে তার অক্লান্ত অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল।