যশোর সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাউদিয়া গ্রামে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে কেন্দ্রে যেতে চাওয়ায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান হিরনের নেতৃত্বে জামায়াতের দুই কর্মীকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে।
ঘটনাটি আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাউদিয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে সংঘটিত হয়। এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হলে তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জামায়াতের কর্মীরা গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ভোট দিতে যাওয়ার সময় কাউদিয়া গ্রামের জামে মসজিদের কাছাকাছি পৌঁছালে ১নং হৈবতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান হিরন ও স্থানীয় বিএনপি নেতা মালেকের নেতৃত্বে ৫-৬ জন তাদের পথরোধ করেন। এ সময় তারা জামায়াতের দুই কর্মীসহ কয়েকজনকে আটকে এলোপাতাড়ি মারধর করেন।
এ বিষয়ে আহত জামায়াত কর্মীরা বলেন, আমরা গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে ভোট দিতে যাওয়ার সময় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা আমাদের পথরোধ করে। একপর্যায়ে তারা কাউকে ভোট দিতে যেতে দেবে না বলে জানায়। আমরা প্রতিবাদ করলে তারা অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান হিরন বলেন, “কে হামলা করেছে তাদের ওপর? যা ইচ্ছা করেন। আপনারা বেশি কথা বললে আপনাদেরও দেখে নেব।”