ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : পবিত্র মাহে রমযান উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মাওলানা আব্দুস সাত্তার-কে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকাল ৫টায় বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আকবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মাওলানা আব্দুস সাত্তার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, উপজেলা ওয়ার্ড ও কর্মপরিষদ সদস্য মাওলানা তানভীরুর রহমান এবং ইউনিয়ন আমির মাওলানা নুর মোবাশ্বেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সাত্তার বলেন, পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি ব্যবসায়ীদের সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তিস্তা নদী-র তলদেশ থেকে ভারী মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, যা পরিবেশ ও এলাকার জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।